বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্রের অর্থ চুরির ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্রের অর্থ চুরির ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তবে এটি তথ্য জালিয়াতি নাকি সার্ভার হ্যাকিং—তা তদন্ত শেষেই স্পষ্ট হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, “ঘটনার বিষয়ে ইতোমধ্যে রাজধানীর মতিঝিল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এটি এ ধরনের প্রথম ঘটনা। তদন্ত শেষেই জানা যাবে, এটি সাইবার আক্রমণ ছিল কিনা।”
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন নিশ্চিত করেছেন যে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনতে কাজ চলছে।
এর আগে, গত ২৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এক গ্রাহক ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছিলেন। গ্রাহকের ব্যাংক হিসাব ছিল অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। কিন্তু চার দিন পরই তার সঞ্চয়পত্রের টাকা রহস্যজনকভাবে উধাও হয়ে যায়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তন করে প্রথমে টাকা স্থানান্তর করে এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখায়, সেখান থেকে আবার রাজধানীর শ্যামলী শাখায় নিয়ে অর্থটি উত্তোলন করা হয়।
এ ছাড়া, একই কৌশলে ডাচ-বাংলা ব্যাংক থেকে ৩০ লাখ এবং এনআরবি ব্যাংক থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে, তবে বাংলাদেশ ব্যাংক সময়মতো ব্যবস্থা নিয়ে এই দুটি জালিয়াতি ঠেকাতে সক্ষম হয়।
বর্তমানে বিষয়টি গভীরভাবে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন