নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে সিইসির বক্তব্য
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে সিইসির বক্তব্য
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, চলমান বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না।
শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহীতে অনুষ্ঠিত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন,
“আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা বিচারাধীন। তাই বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে। নির্বাচনেও অংশগ্রহণের সুযোগ নেই। আদালতের রায়ের ওপরই বিষয়টি নির্ভর করছে।”
তিনি আরও উল্লেখ করেন,
“আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা সংবিধানে নেই। তাই নির্বাচন কমিশন সংবিধান বহির্ভূত কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যদি সংসদীয় আইন পরিবর্তন হয়, তবে সেটি অনুসরণ করা হবে।”
নির্বাচনকালে সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে সিইসি বলেন, সেনাবাহিনীকে আলাদা স্ট্রাইকিং ফোর্স না রেখে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বদলে নির্বাচনকালে অন্য ব্যবস্থা কার্যকর হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর মানবতাবিরোধী অপরাধে দলের বিরুদ্ধে দায়ের করা মামলার কারণে গত ১২ মে সরকারিভাবে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং পরবর্তীতে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন