বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স ছাড়াই চলছে “মাদারীপুর শিবচর আধুনিক নার্সিং হোম” — অভিযোগ কর ফাঁকিরও!
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় “মাদারীপুর শিবচর আধুনিক নার্সিং হোম” নামে একটি ক্লিনিক দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না থাকা সত্ত্বেও সেখানে রোগীদের ভর্তি, অস্ত্রোপচারসহ নানা ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্লিনিকটির পরিচালনা কর্তৃপক্ষ প্রতিবছর কর ফাঁকি দেওয়া ও প্রশাসনের নজর এড়ানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে থাকে। ফলে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্থানীয় প্রশাসন কার্যত কোনো আইনি পদক্ষেপ নিতে পারছে না। এতে সাধারণ রোগীরা পড়ছেন ঝুঁকিতে।
স্থানীয় এক বাসিন্দা জানান, “এখানে চিকিৎসা নিতে এসে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। অথচ ক্লিনিকের কোনো বৈধ কাগজপত্রই নেই।”
এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের কাছে এ নার্সিং হোমের কোনো বৈধ লাইসেন্সের তথ্য নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লাইসেন্সবিহীন এসব ক্লিনিক বন্ধ না হলে জনগণের জীবনের ঝুঁকি বাড়বে। তারা দ্রুত প্রশাসনিক তদারকি ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে এলাকাবাসী দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ক্লিনিকটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন