শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে লকডাউন ঘিরে তাণ্ডব: গণপূর্ত অফিসে পেট্রোল বোমা, গ্রামীণ ব্যাংকেও হামলার চেষ্টা
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫
গোপালগঞ্জে লকডাউন ঘিরে তাণ্ডব: গণপূর্ত অফিসে পেট্রোল বোমা, গ্রামীণ ব্যাংকেও হামলার চেষ্টা
আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে একাধিক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। দুর্বৃত্তরা ভোররাতে গণপূর্ত বিভাগের কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করেছে। এতে গণপূর্ত বিভাগের একটি পিকআপভ্যান পুড়ে গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও একটি পিকআপভ্যানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পিকআপভ্যানে আগুন ধরে দাউদাউ করে জ্বলতে থাকে। অফিসের গার্ড চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে একই রাতে সদর উপজেলার উলপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা ভবন লক্ষ্য করে আরও কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পুলিশ জানায়, কালো রঙের একটি মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ৫–৬টি বোমা ছোড়ে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। তবে ব্যাংক ভবনের কোনো ক্ষতি হয়নি।
পাশাপাশি রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়দের দাবি, লকডাউন ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন